চট্টগ্রাম ও বরগুনায় কোস্ট গার্ডের প্রাথমিক চিকিৎসা ও অগ্নিসুরক্ষা সচেতনতামূলক সভা
স্টাফ রিপোর্টার
সমুদ্রসীমায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রবিবার চট্টগ্রাম ও বরগুনায় প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিসুরক্ষা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
একই সময়ে বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এবং পাথরঘাটা ফায়ার সার্ভিস যৌথভাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও অগ্নিসুরক্ষা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।
উক্ত সভায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, প্রাথমিক অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং আগুন প্রতিরোধে জনগণের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। কে. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলগুলোতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

