চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ মহড়া ও সুরক্ষামূলক প্রচার অভিযান
চট্টগ্রাম ব্যুরো
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সহযোগিতায় মঙ্গলবার চট্টগ্রামে অগ্নিনির্বাপণ মহড়া ও অগ্নিসুরক্ষা বিষয়ক এক জনসচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটি কোস্ট গার্ড বেস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই মহড়ায় অংশগ্রহণ করে। সেশনে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, প্রাথমিক অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং আগুন প্রতিরোধে সাধারণ জনগণের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

