টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ দুই সন্দেহভাজন মাদক কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল হ্নীলা এলাকার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে আনুমানিক ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮,৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

