জাপানি অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কারের উদ্যোগ: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক এবং শিশু-বান্ধব কাঠামোতে রূপান্তর করতে সরকার ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার ঢাকায় সচিবালয়ে তাঁর কার্যালয়ে জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি) বাংলাদেশ প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পূর্ব এশিয়ার দেশ জাপানের সফল শিক্ষাকাঠামোকে মডেল হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষাক্রম (কারিকুলাম) উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে তিনি জাপানের দ্বিপাক্ষিক সহযোগিতা কামনা করেন। ববি হাজ্জাজ জানান, সরকার বর্তমানে একটি নতুন প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়নের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে।
শিক্ষার একাডেমিক ও কাঠামোগত উন্নয়নের বিবরণ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রচলিত বিজ্ঞানাগারের মতো করে গণিত শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি আকর্ষণীয়, অংশগ্রহণমূলক ও প্রযুক্তি-নির্ভর করতে পর্যায়ক্রমে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ম্যাথ ল্যাব’ (গণিত ল্যাবরেটরি) স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোখলেছুর রহমান, যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসান এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মনিকাওয়া ইউকোসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

