ডার্ক মোড
Thursday, 02 July 2026
ePaper   
Logo
জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও আইসিআইএমওডি

জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও আইসিআইএমওডি

নিজস্ব প্রতিবেদক

আঞ্চলিক পরিবেশগত শাসন, জলবায়ু সহনশীলতা এবং আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা শক্তিশালী করতে নিজেদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)। থাইল্যান্ডের ব্যাংককে গত বৃহস্পতিবার বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং আইসিআইএমওডির মহাপরিচালক ড. পেমা গ্যামটশোর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার করা হয়।

বৈঠককালে আইসিআইএমওডির মহাপরিচালক এই সংস্থার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ও সক্রিয় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন। তিনি হিমবাহ-বিধৌত নদী ব্যবস্থার সাথে জড়িত জটিল ও আন্তঃসীমান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যৌথ পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত আন্তঃসীমান্ত কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করে ড. গ্যামটশো আইসিআইএমওডির চলমান মধ্যমেয়াদি মূল্যায়ন এবং কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ায় বাংলাদেশের ধারাবাহিক সমর্থন কামনা করেন।

প্রাতিষ্ঠানিক সহযোগিতার অংশ হিসেবে আইসিআইএমওডি প্রধান বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে দেশে এই সংস্থার অফিশিয়াল ‘ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ হিসেবে মনোনীত করার প্রস্তাব দেন। পরিবেশমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আনুষ্ঠানিক বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে উত্থাপন করবেন।

আগামী সেপ্টেম্বরে নির্ধারিত আইসিআইএমওডির পরিচালনা পর্ষদের আসন্ন বৈঠকে নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রী মহাপরিচালককে আইসিআইএমওডির সব উদ্যোগে বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের আশ্বাস দেন। ক্রমবর্ধমান পরিবেশগত সংকট মোকাবেলায় উভয় পক্ষই আঞ্চলিক সমন্বয়ের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন