নারায়ণগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ২টি ড্রেজার ও বাল্কহেড জব্দ করল কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর থানার ধর্মগঞ্জ মোহনা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একটি যৌথ অভিযানে দুটি ড্রেজার এবং একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত রবিবার কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং স্থানীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। একটি গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ মোহনার কাছাকাছি এলাকায় সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটারত অবস্থায় দুটি গ্র্যাব ড্রেজার এবং একটি বাল্কহেড জব্দ করা হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জব্দকৃত জলযানগুলো বক্তাবলী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবৈধ মাটি উত্তোলনকারীদের হাত থেকে ফসলি জমি ও মানুষের বাসস্থান সুরক্ষায় ভবিষ্যতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

