কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি: সভাপতি নাসির উদ্দিন, সম্পাদক আবুল হোসেন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং এডভোকেট মো. আবুল হোসেন যথাক্রমে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
চৌকি আদালত আইনজীবী সমিতির এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকল পদের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছিল। তবে মনোনয়ন ফরম জমা দেওয়ার নির্ধারিত দিনে নির্বাচন কমিশনে কেবল একটি প্যানেলই মনোনয়ন ফরম দাখিল করে। এর ফলে আজ বৃহস্পতিবার নির্ধারিত দিনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. শাহজাহান পারভেজ তাঁদেরকে বিনাপ্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করেন।
এর আগে চৌকি আদালতের আইনজীবী ভবনে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. আবুল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এমপি, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন), কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

