বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আইন মানার আহ্বান
মো:রাকেল ইসলাম,বগুড়া
"নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্ৰতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয় এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করোতোয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বগুড়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ হারুন উর রশিদ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন "অতিরিক্ত যানবাহন নির্ভরতা, বিশেষ করে যত্রতত্র ইজিবাইক ব্যবহারের প্রবণতা আমাদের শারীরিক পরিশ্রম ও হাঁটার অভ্যাস কমিয়ে দিচ্ছে, যার ফলে শরীরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে।" তিনি দৈনন্দিন জীবনে ছোট দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে মোটরচালিত বাহনের ওপর নির্ভরতা কমিয়ে পায়ে হাঁটার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরযান চালক, মোটরসাইকেল চালক, যাত্রী ও পথচারীদের জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনা তুলে ধরা হয়।
মোটরযান চালকদের উদ্দেশ্যে জানানো হয়, গতিসীমা মেনে চলতে হবে এবং কোনো অবস্থাতেই বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। সিটবেল্ট বাঁধা ছাড়া মোটরযান চালানো নিষেধ এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মোটরসাইকেল চালকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, চালক ও আরোহী উভয়কেই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে এবং মোটরসাইকেলে একের অধিক আরোহী ওঠানো যাবে না।
যাত্রীদের সুরক্ষায় বলা হয়, চলন্ত অবস্থায় গাড়িতে ওঠা বা নামা করা যাবে না এবং পণ্যবাহী মোটরযানে যাত্রী হিসেবে যাতায়াত করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়। গাড়ি থেকে নামার সময় তাড়াহুড়া না করে নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পথচারীদের চলাচলের ক্ষেত্রে জেব্রাক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। রাস্তা পারাপারের সময় দৌড়াদৌড়ি বা মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়। পাশাপাশি ফুটপাত ব্যবহার করতে এবং ফুটপাতবিহীন রাস্তার ডানপাশ দিয়ে সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমেই কেবল একটি নিরাপদ সড়ক ও সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

