অনলাইন চাকুরির লোভে ফিশিং লিংকে প্রতারণা: কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা রিয়াজুল গ্রেফতার
মাসুদ রানা, বরিশাল অফিস
বরিশাল: Daraz অ্যাপসের নামে ভুয়া ফিশিং লিংক তৈরি করে চাকুরির প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎকারী এক সাইবার প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এসআরবি-৮ (সদর কোম্পানী, বরিশাল) এবং এসআরবি-৬ (সিপিসি-৩, যশোর)-এর একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী থানাধীন বারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রিয়াজুল ইসলাম (৩১)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দেবত্র গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
প্রতারণার কৌশল ও মামলা:
মামলার এজাহার অনুযায়ী, রিয়াজুল ইসলাম ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে ইন্টারনেট স্পেসে Daraz-এর নাম ভাঙিয়ে ফিশিং লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে অনলাইন চাকুরির প্রলোভন দিয়ে আসছিল।
এক পর্যায়ে এই চক্রটি ভিকটিম মোছাঃ সুমনা পারভীন (৪৫)-কে ‘http://Daraz.com’ নামীয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে। সেখানে অনলাইন প্ল্যাটফর্মে পণ্য ক্রয়ের বিপরীতে আকর্ষণীয় হারের কমিশনের প্রলোভন দেওয়া হয়, যা ভিকটিমের অ্যাপস ওয়ালেটে জমা হচ্ছে বলে দেখানো হতো। পরবর্তীতে ভিকটিম জমানো টাকা তুলতে গেলে তাকে কন্ডিশন হিসেবে তাদের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে বলা হয়।
প্রতারকদের প্রতারণায় পড়ে ভিকটিম বিভিন্ন ধাপে তাদের বিকাশ একাউন্ট ও ডাচ-বাংলা ব্যাংকের হিসাবে সর্বমোট ৬,১০,০৪২ (ছয় লক্ষ দশ হাজার বিয়াল্লিশ) টাকা পাঠান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভিকটিম বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন।
আইনগত ব্যবস্থা:
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। পরবর্তীতে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি এবং সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারসহ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি নিয়মিত সাফল্য দেখিয়ে আসছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

