সরকারি জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সরকারি জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির ৯১তম বৈঠক বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
জলমহালসমূহকে জনগণের সম্পদ উল্লেখ করে ভূমি মন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা এবং দরিদ্র মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের বিষয়টি মাথায় রেখে সরকারের রাজস্ব আদায় ও মানবিক, ন্যায়সংগত ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। তিনি বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে এবং ‘জাল যার, জলা তার’ নীতি অক্ষুণ্ণ রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল উদ্দিন স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শ করার এবং অসঙ্গতিপূর্ণ ইজারা মূল্য হালনাগাদ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বৈঠকে কমিটি বিভিন্ন জেলার ইজারা প্রস্তাবনা পর্যালোচনা ও অনুমোদন করে। এর মধ্যে কিশোরগঞ্জের ১২টির মধ্যে ৯টি, খুলনার ১২টির মধ্যে ৬টি, হবিগঞ্জের ৩০টির মধ্যে ২০টি এবং সুনামগঞ্জের ৫৪টি জলমহালের মধ্যে ৪৩টি ইজারা প্রস্তাব অনুমোদন পায়।
এছাড়া পাবনার ২৩টি জলমহাল সাধারণ মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়। যেসব জলমহালের ইজারা মূল্য অপ্রতুল মনে হয়েছে, সেগুলোর ক্ষেত্রে পুনঃযাচাই বা পুনরায় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন।

