টেকনাফে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একদল চোরাকারবারি নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র এনে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোটকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। সংকেত অমান্য করে বোটটি দ্রুত গতিতে নাইতংপাড়া ম্যানগ্রোভ বনের দিকে পালিয়ে যায় এবং চোরাকারবারিরা বোটটি ফেলে রেখে বনে আত্মগোপন করে।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১টি বিদেশি ‘এসভিডি ড্রাগনভ’ (SVD Dragunov) রাইফেল ও ১টি ম্যাগাজিন, ১টি ৯ মিমি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি ব্লাঙ্ক গুলি এবং ২টি এমএ-১ (MA-1) রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, এই চোরাচালান চক্রের সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও জব্দকৃত বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

