ডার্ক মোড
Friday, 16 October 2026
ePaper   
Logo
শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় কোমর বাঁধল আনসার ও ভিডিপি: ৩৩,১৬৫টি মণ্ডপে ২,১২,৮১৮ জন সদস্য মোতায়েন

শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় কোমর বাঁধল আনসার ও ভিডিপি: ৩৩,১৬৫টি মণ্ডপে ২,১২,৮১৮ জন সদস্য মোতায়েন

স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের ৩৩,১৬৫টি পূজা মণ্ডপে মোট ২,১২,৮১৮ জন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন পূজা মণ্ডপগুলোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন তারা। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং সামগ্রিক নিরাপত্তা জোরদারে দেশব্যাপী ১০৪টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক টহল পরিচালনা করবে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসব ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিরাপত্তা প্রোটোকল, পেশাগত দায়িত্ব, সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এসব ব্রিফিং প্যারেডে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেখানে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি মুহূর্তে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

দায়িত্ব পালনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটি, অসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সুদৃঢ় সমন্বয় বজায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিবান্ধব করতে আনসার সদস্যদের 'শারদীয় সুরক্ষা অ্যাপ' (Sharadiya Suraksha App) ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান ও পরিস্থিতি পর্যবেক্ষণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উসকানিমূলক আচরণ, গুজব, অপপ্রচার বা যেকোনো অপ্রীতিকর ঘটনার ছবি ও ভিডিও সরাসরি অ্যাপে আপলোড করে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন।

এছাড়া, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মোতায়েনকৃত সদস্যদের সরকারি ভাতাদি 'এসটিডিএমএস' (STDMS) সফটওয়্যারের মাধ্যমে সরাসরি তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করা হয়।

দেশব্যাপী বৃহৎ পরিসরে সদস্য মোতায়েন, স্ট্রাইকিং টিমের টহল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও ভিডিপি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় কোমর বাঁধল আনসার ও ভিডিপি: ৩৩,১৬৫টি মণ্ডপে ২,১২,৮১৮ জন সদস্য মোতায়েন
শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় কোমর বাঁধল আনসার ও ভিডিপি: ৩৩,১৬৫টি মণ্ডপে ২,১২,৮১৮ জন সদস্য মোতায়েন
শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় কোমর বাঁধল আনসার ও ভিডিপি: ৩৩,১৬৫টি মণ্ডপে ২,১২,৮১৮ জন সদস্য মোতায়েন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন