টেকনাফে কোস্ট গার্ডের ত্রিমুখী অভিযান: ১৪ কেজী ক্রিস্টাল আইস, বিদেশী মদ ও ইয়াবাসহ আটক ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ আইসের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টার মধ্যে টেকনাফ উপজেলার জালিয়ার চর ও জালিয়া পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী। কোস্ট গার্ড টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা দুটি কাঠের বোট জালিয়ার চরের ম্যানগ্রোভ বন ও জালিয়া পাড়ার কেওড়া বনে ভিড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বোট দুটি তল্লাশি করে চায়ের প্যাকেটে চতুরতার সাথে লুকানো ১৪ কেজি ক্রিস্টাল আইস ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং বোট দুটি বাজেয়াপ্ত করা হয়। এ চোরাচালান চক্রে জড়িত পাচারকারী ও তাদের সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্য এক পৃথক অভিযানে, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে ৫,০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

