ডার্ক মোড
Thursday, 03 September 2026
ePaper   
Logo
পুরস্কার ও পদক প্রদান অনুষ্ঠান: ভালো কাজের প্রশংসার তাগিদ ফায়ার সার্ভিস ডিজি’র

পুরস্কার ও পদক প্রদান অনুষ্ঠান: ভালো কাজের প্রশংসার তাগিদ ফায়ার সার্ভিস ডিজি’র

স্টাফ রিপোর্টার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বুধবার সকাল ১০টায় অধিদপ্তরটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 'সম্মাননা ও পদক প্রদান' অনুষ্ঠানে সকল কর্মকর্তাকে ভালো কাজের প্রশংসা করার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে সারাদেশের অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী ৪০ জন নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীকে ডিজি কর্তৃক প্রশংসাপত্র প্রদান করা হয়। এছাড়া অপারেশনাল ও প্রশাসনিক কাজের নানা মানদণ্ডের ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সারাদেশের ২৮টি সেরা ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে মহাপরিচালক এবং পরিচালকগণ যৌথভাবে ১৪ জন সদ্য পদোন্নতিপ্রাপ্ত গুদাম পরিদর্শককে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁকে অভ্যর্থনা জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যেখানে পাঠ পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে 'মহাপরিচালকের প্রশংসা' সম্বলিত পদক, সনদপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন। পরবর্তীতে তিনি সারাদেশ থেকে নির্বাচিত ২৮টি সেরা ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে ৫টি করে এবং অন্যান্য বিভাগ থেকে ৩টি করে সেরা ফায়ার স্টেশনকে এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, মহাপরিচালকের নির্দেশনায় সারাদেশে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নির্বাচনের ক্ষেত্রে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়কালের দলগত অংশগ্রহণ (পাম্প ড্রিল, ডেলিভারি হোস লেআউট, অগ্নিনির্বাপণ পোশাক ও বিএ সেট পরিধান, উদ্ধার সরঞ্জাম পরিচালনায় দক্ষতা, মই বেয়ে ওঠা), সম্মিলিত ড্রিল, রেজিস্টার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, ডিজি প্রেরিত নির্দেশনাবলী অকারেন্স রেজিস্টারে অন্তর্ভূক্তি, দৈনিক রুটিন অনুযায়ী কার্যক্রম পরিচালনা, জ্বালানি হিসাব ও যাচাই, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, নিয়মিত গণযোগাযোগ ও টপোগ্রাফি, শৃঙ্খলা, বদলি ও সংযুক্তি আদেশ যথাসময়ে বাস্তবায়ন, স্টেশন ও ব্যারাক পরিচ্ছন্নতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জ্ঞান ইত্যাদিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

মহাপরিচালকের প্রশংসাপত্রপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন কর্মকর্তা এবং পদোন্নতিপ্রাপ্তদের মধ্য থেকে একজন তাঁদের অনুভূতি প্রকাশ করেন। রাজশাহী জেলার উপ-সহকারী পরিচালক ফোরকান হোসেন এই উদ্ভাবনী প্রতিযোগিতা ও পুরস্কার প্রবর্তনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত গুদাম পরিদর্শক খালেদা ইয়াসমিন অনুভূতি প্রকাশকালে মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এরপর বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) অব. লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সম্প্রতি প্রয়াত ফায়ার সার্ভিসের ১ জন ড্রাইভার ও ১ জন ইন্সপেক্টরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরবর্তীতে পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য প্রদান করে মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং প্রশাসনিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সারাদেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মূল্যায়ন কার্যক্রম নিয়মিত আয়োজনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের উপ-পরিচালকবৃন্দসহ ঢাকায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

পুরস্কার ও পদক প্রদান অনুষ্ঠান: ভালো কাজের প্রশংসার তাগিদ ফায়ার সার্ভিস ডিজি’র
পুরস্কার ও পদক প্রদান অনুষ্ঠান: ভালো কাজের প্রশংসার তাগিদ ফায়ার সার্ভিস ডিজি’র
পুরস্কার ও পদক প্রদান অনুষ্ঠান: ভালো কাজের প্রশংসার তাগিদ ফায়ার সার্ভিস ডিজি’র
পুরস্কার ও পদক প্রদান অনুষ্ঠান: ভালো কাজের প্রশংসার তাগিদ ফায়ার সার্ভিস ডিজি’র

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন