ডার্ক মোড
Tuesday, 11 August 2026
ePaper   
Logo
ভূমিকম্প মোকাবিলায় অংশীজনদের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রস্তুতিমূলক সভা

ভূমিকম্প মোকাবিলায় অংশীজনদের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার

ভূমিকম্প-পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ।

সোমবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্রেন, এক্সকাভেটরসহ অন্যান্য ভারী উদ্ধার সরঞ্জাম রয়েছে, সেগুলোর মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

ভূমিকম্পের দিক থেকে ঢাকা দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউএস, পিএসসির নির্দেশনায় ঢাকা বিভাগ এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি।

সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও আমন্ত্রিত প্রতিনিধিরা পরিচয় পর্বে অংশ নেন। পরিচয় পর্ব শেষে ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ স্বাগত বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ সুচারুভাবে পরিচালনায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ফায়ার সার্ভিসের সকল জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন। তিনি উদ্ধার কাজের পরিকল্পনা গ্রহণ ও প্রশিক্ষণের আয়োজনের ওপর জোর দেন।

এরপর উন্মুক্ত আলোচনা শুরু হলে উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন। বক্তারা এ ধরনের উদ্যোগের জন্য ফায়ার সার্ভিস ঢাকা বিভাগকে ধন্যবাদ জানান এবং যেকোনো জাতীয় দুর্যোগে নিজ নিজ অবস্থান থেকে উদ্ধার কাজে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন বলেন, তাঁরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেবেন। তিনি একটি 'ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম' গঠনের প্রস্তাব দেন। এছাড়া গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত, ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মালিকগণ আলোচনায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রানা প্লাজা ধস এবং সাম্প্রতিক সময়ে তুরস্ক ও মিয়ানমারের ভূমিকম্পের ছবি তুলে ধরেন এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি ভারী সরঞ্জাম মালিক ও ব্যবসায়ীদের নিয়ে একটি 'ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম' গঠন, পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং যৌথ প্রশিক্ষণ ও মহড়ার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএম; সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার জোন প্রধান ও জেলা কর্মকর্তাবৃন্দ।

ভূমিকম্প মোকাবিলায় অংশীজনদের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রস্তুতিমূলক সভা
ভূমিকম্প মোকাবিলায় অংশীজনদের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রস্তুতিমূলক সভা

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন