সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান: ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি আটক
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল আনুমানিক ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের একটি যৌথ দল সন্দ্বীপ উপজেলার আকবর হাট এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার একটি সন্দেহভাজন আবাসিক বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২,২২,৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, ১টি রকেট সিগন্যাল, ১টি রকেট প্যারাশুট ফ্লেয়ার, ১ রাউন্ড রাবার বুলেট, ১ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ ওই মাদক কারবারিকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃত মাদক কারবারি ও উদ্ধারকৃত আলামত হস্তান্তরসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

