২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বন মন্ত্রণালয়ের টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক
নিজস্ব প্রতিবেদক
আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গঠিত বিশেষ সেলের সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগের সফল বাস্তবায়নে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যসূচি নিয়ে আলোচনা এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ চলমান বৃক্ষরোপণ কর্মসূচির হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। রোপিত চারাগাছগুলোর সঠিক পরিসংখ্যান এবং ডেটা-ভিত্তিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে খুব শিগগিরই একটি বিশেষ 'ট্রি মনিটরিং অ্যাপ' (বৃক্ষ পর্যবেক্ষণ অ্যাপ) চালু করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও কারিগরি বিশেষজ্ঞ ড. মো. সাইমুম পারভেজ; ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং কারিগরি বিশেষজ্ঞ জামাইল বশির জেবি।
এ ছাড়া অতিরিক্ত সচিব (প্রশাসন) শামীমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলি এবং পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ এই সেশনে অংশ নেন।

