শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরিফুল আলম
নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ বিতরণ করা হবে। এ উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে এই পাটের স্কুল ব্যাগ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির ব্যাগ উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। প্রতি বিদ্যালয়ে গড়ে ২০০ জন শিক্ষার্থী বিবেচনায় পাইলট পর্যায়ে সর্বমোট ৯৯ হাজার শিক্ষার্থীকে এই পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে। ব্যাগ উৎপাদনের কাজের জন্য ৫৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে এবং জেডিপিসি পিএলসির মাধ্যমে এসব ব্যাগ সংগ্রহ করা হবে।
পাট শিল্পের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশকে প্রয়োজনীয় পাট বীজ আমদানি করতে হয়। এছাড়া পরিবেশগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক নদী, নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিয়েছে।
উক্ত পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

