টেকনাফে ৫ কেজি ক্রিস্টাল মেথ ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১: কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাফ নদীর শাহ পরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকা দিয়ে মায়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপুরী যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ম্যানগ্রোভ বনের ঝোপঝাড়ের ভেতরে পলিথিনে মোড়ানো একটি বান্ডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চা-পাতার প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এই চোরাচালান চক্রের সাথে জড়িত সহযোগীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় অপর এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

