মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করায় পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেন মন্ত্রী।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার ঘুরে দেখেন। পাশাপাশি সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং সেবা নিতে গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, দায়িত্বপালন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজ নেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো রোগী যাতে দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। রোগীদের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। পরিদর্শনের পর স্থানীয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে বাড়তি তৎপরতা ও সতর্কতা লক্ষ্য করা গেছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

