মীরসরাইয়ে হাত-পা বেঁধে ডাকাতি, স্বর্ণ অলংকার লুট
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দুয়ারু গ্রামের হাজ্বী শফি আহম্মেদ মেস্ত্রী বাড়ির গিয়াস উদ্দিনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাত দল প্রায় ১ ভরি স্বর্ণের অলংকার ও ৪৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানান পরিবারের সদস্যরা।
ঘরের মালিক গিয়াস উদ্দিন জানান, রবিবার রাত ২টার দিকে বেলকনির দরজা ভেঙ্গে ঢুকে প্রথমে আমার ঘরে ডুকে আমার হাত পা -মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকত দল। তারা মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল। ডাকাতদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে থাকা কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকা আমার স্ত্রী ও মেয়ের প্রায় ১ ভরি স্বর্ণ ও নগদ টাকা ও মোবাইল ফোন ঘড়ি নিয়ে যায়।
তিনি আরো জানান, আমার ছোট্ট নাতি কান্না করলে তার গলায় চুরি ধরে এবং বলে যদি ঝামেলা করস গলায় চুরি চালিয়ে দিবো।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

