ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
ওমর ফারুক, ফেনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফসিসিআই)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশের সম্পদ বৃদ্ধি করার মূল দায়িত্ব ব্যবসায়ী সমাজের। নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ঢালাওভাবে সকল ব্যবসায়ীর সমালোচনা করা একেবারেই গ্রহণযোগ্য নয়। অনেক ব্যবসায়ী নিয়ম-কানুন কঠোরভাবে মেনে ব্যবসা পরিচালনা করেন উল্লেখ করে তিনি জাতীয় অগ্রগতিতে তাঁদের ভূমিকার প্রশংসা করেন।
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টি একমাত্র ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমেই সম্ভব। সম্পদ ভাগাভাগি বা বণ্টন করা সম্ভব হলেও দারিদ্র্যকে সেভাবে বণ্টন করা যায় না।
অনুষ্ঠানকালে তিনি পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

