চরফ্যাশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ: কোস্ট গার্ড
ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলায় একটি বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের প্রায় ২,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার সকালে কোস্ট গার্ড সদর দফপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের একটি বিশেষ আভিযানিক দল চরফ্যাশন বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় চারটি দোকানে তল্লাশি চালিয়ে এই অবৈধ পলিথিনের স্টক জব্দ করা হয়।
বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত পলিথিন পরবর্তীতে ভোলার পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবেশ রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

