ডার্ক মোড
Monday, 28 September 2026
ePaper   
Logo
বেতাগীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

বেতাগীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
 
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বরগুনার বেতাগীতে আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত জেলায় ৫০০টি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলায় ২৫০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক সড়কের বাসন্ডা এলাকায় এবং ২৫ নম্বর বাসন্ডা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়। সড়কের পাশে ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের ফলে স্থানীয় পরিবেশ আরও সবুজ ও নান্দনিক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
 
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রশিক্ষক মো. জুয়েল রানা, ভিডিপি দলনেতা অলি আহমেদ, সুকদেব হাওলাদার, কামরুজ্জামান টিটু, আনসার কমান্ডার মো. মজিবর রহমান, মো. মাইনুল ইসলাম, দলনেত্রী মোসা. নাছিমা বেগম, মোসা. হালিমা, শিলা রানী, ফরিদা পারভীনসহ আনসার ও ভিডিপির সদস্যরা।
 
এ কর্মসূচিতে সঞ্জীবন পাইলটিং প্রকল্পের প্লাটুনভুক্ত সদস্য এবং আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
 
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন