ডার্ক মোড
Saturday, 29 August 2026
ePaper   
Logo
বাউফলে বেশি দামে সার বিক্রির দায়ে ৩ ডিলারকে জরিমানা

বাউফলে বেশি দামে সার বিক্রির দায়ে ৩ ডিলারকে জরিমানা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগের সত্যতা যাচাইয়ে কৃষককে ‘ক্রেতা’ হিসেবে পাঠিয়ে অভিযান চালিয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি বিভাগ। অভিযোগের সত্যতা পাওয়ার পর উপজেলার বগা বন্দর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন সার বিক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আওতায় পড়া প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা এবং সার বিক্রেতা কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পায় কৃষি বিভাগ। অভিযোগটি সরেজমিনে যাচাই করতে তিনজন কৃষককে সাধারণ ক্রেতা হিসেবে সার কিনতে পাঠানো হয়। তারা বগা বন্দর বাজারের সংশ্লিষ্ট তিন বিক্রেতার কাছ থেকে সার কেনেন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ মেলে।
অভিযোগের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে তিন বিক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, জরিমানার আওতায় পড়া তিন বিক্রেতার মধ্যে একজন বিসিআইসি সার ডিলার এবং অপর দুজন খুচরা সার বিক্রেতা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন বলেন, “কৃষকদের ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান রয়েছে। কৃষক যাতে কোনোভাবেই হয়রানি বা অতিরিক্ত দামের শিকার না হন, সে বিষয়ে উপজেলা কৃষি অফিসের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকদের ভাষ্য, কৃষি মৌসুমে সারের চাহিদা বাড়লে কোনো কোনো বিক্রেতা সেই সুযোগে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করেন। এতে বাড়তি অর্থ গুনতে হয় কৃষকদের। পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের লাভও কমে যায়।
কৃষকদের স্বার্থে শুধু জরিমানা নয়, নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন