ডার্ক মোড
Saturday, 26 September 2026
ePaper   
Logo
বরিশালে ভুল চিকিৎসায় উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, রাহাত আনোয়ার হাসপাতালে তোলপাড়

বরিশালে ভুল চিকিৎসায় উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, রাহাত আনোয়ার হাসপাতালে তোলপাড়

মাসুদ রানা, বরিশাল অফিস:
বরিশাল নগরীর বান্দ রোডে অবস্থিত রাহাত আনোয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসা ও গাফিলতির কারণে নাজিয়া মাইশা নামে এক উদীয়মান নারী উদ্যোক্তার মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিয়া মাইশা বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিয়ের মাত্র ১২ মাসের মাথায় এই প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে তিনি প্রাণ হারান। তবে নবজাতকের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
 
পরিবারের স্বজনদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তহুরার তাড়াহুড়ো করে অপারেশন করার কারণেই শারীরিক জটিলতা ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হলে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ মাইশাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মাইশার পরিবারকে জানানো হয়েছিল যে, তাঁর হার্টবিট রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
পরিবারের দাবি, চিকিৎসকের চরম গাফিলতি ও ভুল চিকিৎসার কারণেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা যায়নি এবং তাঁর অকাল মৃত্যু হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত চিকিৎসক ডা. তহুরার কোনো তাৎক্ষণিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
ঘটনার বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত কাগজপত্র বা অভিযোগ তাঁদের কাছে পৌঁছায়নি। লিখিত কাগজপত্র পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
নাজিয়া মাইশার মৃত্যুর সঠিক কারণ এবং চিকিৎসায় বাস্তবিকই কোনো ভুল বা গাফিলতি ছিল কিনা, তা নিরপেক্ষ তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন