বরগুনা-২ আসনের জন্য ১৪ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ চাইলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
নিজস্ব প্রতিবেদক
বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে 'গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধিত)' হতে অগ্রাধিকার ভিত্তিতে ১৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক আধা-সরকারি পত্রে (ডি.ও) নং:১১..০০.০০০০.০০০.০৪১.৯৯.০০০১.২৬.২৬১) এর মাধ্যমে তিনি এই বরাদ্দের অনুরোধ জানান।
চিঠিতে চিফ হুইপ উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকা বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার বেশিরভাগ রাস্তা, ব্রিজ ও কালভার্ট দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে।
স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়ক ও কালভার্ট নির্মাণের প্রয়োজন।
প্রস্তাবিত আবেদনের মধ্যে বেতাগী উপজেলার পাঁচটি রাস্তার জন্য ৬০০ লাখ টাকা, বামনা উপজেলার দুটি প্রকল্পের জন্য ৩২০ লাখ টাকা এবং পাথরঘাটা উপজেলার চারটি প্রকল্পের জন্য ৪৮০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।
প্রস্তাবিত উল্লেখযোগ্য সড়কের মধ্যে রয়েছে বেতাগীর বেতমোর দফাদার বাড়ি মসজিদ-বাদল পঞ্চায়েত বাড়ি সড়ক, ফকির হাট-কাজিরাবাদ বর্ডার সড়ক, আমরাগাসিয়া আরএইচডি-ওয়াপদা বাজার সড়ক, বাগবাড়ি-তাংড়াকালী কলেজ সড়ক ও বিবিচিনি ইউজেডআর-ওয়াপদা সড়ক। বামনা উপজেলার গুড়িঘাটা বাজার-উত্তর কাকচিড়া বাজার সড়ক ও রামনা ইউপি-দাওয়াতলা ইউপি সড়ক।
এছাড়া পাথরঘাটা উপজেলার কিরণপুর মাদ্রাসা-দক্ষিণ পূর্ব কালিপুর সড়ক, নাচনাপাড়া ইউপি-ফকির হাট সড়ক, চরদুয়ানী দক্ষিণ গানপাড়া মোক্তার বাড়ি-হোগলাপাশা সড়ক এবং পাথরঘাটা -কাকচিড়া সড়ক অন্তর্ভুক্ত রয়েছে।
চিফ হুইপ আশা প্রকাশ করেন, উল্লিখিত ১১টি সড়ক ও কালভার্ট প্রকল্প অনুমোদিত ও বাস্তবায়িত হলে অবহেলিত এই তিন উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

