বগুড়ায় ২০ কোটি টাকার সেতু উদ্বোধন, সড়ক জোন ও পার্ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর
মো:রাকেল ইসলাম,বগুড়া
বগুড়ায় করতোয়া নদীর ওপর নির্মিত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ের শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। একই দিনে নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন এবং শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে বগুড়ার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও বিনোদন সুবিধায় নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এর আগে দুপুরে বগুড়া চারমাথা এলাকায় নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন করেন তিনি। পরে সেতু উদ্বোধন শেষে শাকপালা পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন মন্ত্রী।
সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা। করতোয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিত এ সেতুর মাধ্যমে বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে চার উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহনের সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সেতুটি চালু হওয়ায় পূর্বাঞ্চলের সঙ্গে বগুড়া শহরের যোগাযোগে সময় ও দূরত্বের ক্ষেত্রে সুবিধা তৈরি হবে। একই সঙ্গে এসব এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে শাকপালা (ফুলতলা) পার্কের উন্নয়ন কাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা। সড়ক বিভাগ জানিয়েছে, পার্কটির সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি দৃষ্টিনন্দন করতে পরবর্তীতে আরও বরাদ্দ নিয়ে সার্বিক উন্নয়ন করা হবে।
বগুড়া সড়ক জোন উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনভর পৃথক কর্মসূচিতে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, রংপুর জোনের মো. আমানুল্লাহ, রাজশাহী জোনের আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জোনের মো. সুরুজ মিয়া ও সড়ক সার্কেলের মোহাম্মদ হামিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

