ফরিদপুরে যৌন হয়রানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মাহবুব পিয়াল, ফরিদপুর
ফরিদপুরে নন্দিতা সুরক্ষার উদ্যোগে স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার প্রতিবাদ এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন
করা হয়। মানববন্ধনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত তদারকি না থাকায় শিক্ষার্থীরা
নিরাপত্তাহীনতায় ভুগছে।সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত ৫ সদস্যের অভিযোগ কমিটি গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সুরক্ষা কমিটি গঠন ও আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং দেশব্যাপী সংঘটিত যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি
নিশ্চিত করা। মানববন্ধনে বক্তব্য দেন নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমী,অ্যাডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌস, সোনিয়া সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ফরিদপুরের প্রায় ২২টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

