বরগুনায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ
আতিকুর রহমান ইশতি, বরগুনা
বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা ইউনিট কমান্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা, যুগ্ম আহ্বায়ক আলহাজ এ বি এম আব্দুল বারেক এবং জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ইউসুফ আলীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২৯ জন অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে মোট ২ লাখ ৩৬ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর পাশাপাশি জেলা প্রশাসনের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চারজন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্যসন্তান, যাঁদের অসামান্য আত্মত্যাগ ও অবদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসন তাঁদের কল্যাণে ও সার্বিক সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক ও খাদ্যসহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

