ডার্ক মোড
Wednesday, 24 June 2026
ePaper   
Logo
ট্রেন দুর্ঘটনায় পঙ্গু হকার আনোয়ারের মানবেতর জীবন, চিকিৎসার জন্য সাহায্যের আকুতি

ট্রেন দুর্ঘটনায় পঙ্গু হকার আনোয়ারের মানবেতর জীবন, চিকিৎসার জন্য সাহায্যের আকুতি

মো. মজিবুর রহমান পাটোয়ারী, গাজীপুর

ঢাকার মহাখালীতে বছরখানেক আগে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে বর্তমানে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন সাবেক ট্রেন হকার মো. আনোয়ার ইসলাম (৪০)। এক হাতের কার্যক্ষমতা এবং দুই পা হারিয়ে অর্থের অভাবে তাঁর চিকিৎসা এখন পুরোপুরি বন্ধ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই আকস্মিক পঙ্গুত্বে তাঁর স্ত্রী, দুটি ছোট সন্তান এবং বৃদ্ধ বাবা-মা চরম অসহায়ত্বের মধ্যে পড়েছেন। নিত্যদিনের খাবার জোটাতেই এখন তাদের প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে হচ্ছে।

দুর্ঘটনার আগে আনোয়ার ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন ট্রেনে বাদাম, পেয়ারা ও খাবার পানি বিক্রি করে তাঁর দরিদ্র সংসার চালাতেন। বছরখানেক আগে প্রতিদিনের মতো পরিবার থেকে বিদায় নিয়ে তিনি উত্তরাঞ্চলগামী একটি ট্রেনে ওঠার জন্য টঙ্গী রেলওয়ে স্টেশনে যান। ট্রেনটি ঢাকার মহাখালী এলাকা পার হওয়ার সময় এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার পথে দরজার পাশে রাখা কিছু লাগেজের সাথে হোঁচট খেয়ে তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। গুরুতর রক্তাক্ত অবস্থায় রেললাইন থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তাঁর একটি হাত এবং দুই পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি আনোয়ারের পুরো পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছে। তিন ভাই-বোনের মধ্যে আনোয়ার সবার বড় এবং তাঁর আট বছরের ছেলে, চার বছরের মেয়ে ও বৃদ্ধ বাবা-মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। তাঁর বোন রোকসানা আক্তার, যিনি একটি কওমি মাদ্রাসার শিক্ষক, শুরুর দিকে কয়েক মাস আর্থিক সহযোগিতা করলেও বর্তমানে তাঁর সামর্থ্য শেষ হয়ে যাওয়ায় আর সাহায্য করতে পারছেন না। আনোয়ার বর্তমানে হাড়ের মারাত্মক ইনফেকশনের (সংক্রমণ) কারণে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অশ্রুসজল চোখে আনোয়ারের মা দেলোয়ারা খাতুন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, বর্তমানে পরিবারের জন্য ন্যূনতম খাবার কিংবা জরুরি ওষুধ কেনার মতো সামর্থ্য তাদের নেই। আনোয়ারের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁর সন্তানরা পুরোপুরি অনাথ হয়ে পড়বে—এই আশঙ্কায় তিনি সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তিবর্গ এবং পরোপকারী মানুষের কাছে তাঁর ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আনোয়ারের চিকিৎসার জন্য কোনো হৃদয়বান ব্যক্তি আর্থিক সহযোগিতা পাঠাতে চাইলে পরিবারের ব্যক্তিগত বিকাশ নম্বরে (০১৯৩০০৮৬৯৯৮) সরাসরি সাহায্য পাঠাতে পারেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন