ডার্ক মোড
Wednesday, 02 September 2026
ePaper   
Logo
ফরিদপুরে একেকে ও পিকেএসএফ-এর চাকরি মেলা: শতাধিক যুবকের কর্মসংস্থান

ফরিদপুরে একেকে ও পিকেএসএফ-এর চাকরি মেলা: শতাধিক যুবকের কর্মসংস্থান

মাহবুব পিয়াল, ফরিদপুর

ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে গত বুধবার দিনব্যাপী ‘চাকরি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মেলাটি বেকার ও চাকরিপ্রত্যাশী শতাধিক তরুণ-তরুণীর জন্য তাৎক্ষণিক ও সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহায়তায় এবং ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইজ) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমরা কাজ করি’ (একেকে) এই মেলার আয়োজন করে। ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

একেকে-র নির্বাহী পরিচালক এম এ জলিলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ এস এম মঈনুল আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, একেকে-র ক্রেডিট প্রোগ্রাম ডিরেক্টর শিমুল কুমার চক্রবর্তী এবং রেইজ প্রকল্পের সমন্বয়কারী রঞ্জিত কুমার শীল।

মেলায় জেলার বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের একাধিক স্টল অংশ নেয়, যেখানে চাকরিপ্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি সরাসরি ইন্টারভিউ বা সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং নিয়োগ সংক্রান্ত তাৎক্ষণিক দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান। আয়োজকেরা জানান, রেইজ প্রকল্পের অধীনে এর আগে বিভিন্ন ট্রেডে বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করা প্রায় ৬০০ তরুণ-তরুণী এই মেলায় অংশ নেন। মেলাটি মূলত দক্ষ এই যুবকদের সাথে বিভিন্ন করপোরেট ও অনানুষ্ঠানিক খাতের নিয়োগকর্তাদের সরাসরি যোগাযোগের একটি সেতু হিসেবে কাজ করেছে, যা শ্রমবাজারের শূন্য পদগুলোর সাথে দক্ষ জনবলের দ্রুত সংযোগ ঘটাতে সাহায্য করে।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং তাদের মূল অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তাঁরা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষিত যুবকদের মর্যাদাপূর্ণ পেশায় নিয়োজিত করতে আরও বেশি সরকারি ও বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। মেলাটি স্থানীয় চাকরিপ্রত্যাশীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং শতাধিক যুবকের পেশাদার কর্মজীবন শুরু করার পথ সুগম করেছে বলে আয়োজকেরা সমাপনী বক্তব্যে উল্লেখ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন