ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
তাহিরপুরে নববধূর বিষপানে আত্মহত্যা, শ্বশুর আটক

তাহিরপুরে নববধূর বিষপানে আত্মহত্যা, শ্বশুর আটক

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিয়ের মাত্র তিন মাসের মাথায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রিক্তা মনি (১৮) নামে এক পিতৃহীন তরুণী নববধূর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।

নিহত রিক্তা মনি তাহিরপুরের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের আবদুল মান্নাফের ছেলে সোহাগ মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের প্রয়াত পুতুল মিয়ার কন্যা।

শুক্রবার বিকেলে নিহতের শোকাহত মা ও মধ্যনগরের দক্ষিণ পাড়ার বাসিন্দা বিধবা হাসনা বেগম জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে স্বামী সোহাগের অনুপস্থিতিতে কলাগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে রিক্তা মনি বিষপান করেন। রিক্তা অচেতন হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাকে তাহিরপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাসনা বেগমকে বিষয়টি জানান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিক্তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মায়ের অভিযোগ, প্রেমঘটিত সম্পর্কের কারণে বিয়ে হওয়ায় সোহাগের পরিবার অনিচ্ছাসত্ত্বেও এই সম্পর্ক মেনে নিয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর থেকেই আসবাবপত্র ও যৌতুকের টাকার দাবিতে তারা রিক্তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। হাসনা বেগম বলেন, "আমার মেয়েকে নিষ্ঠুরভাবে মারধর করার দুই দিন পর সোহাগ কৌশলে বাড়ি থেকে চলে যায়। আমার জামাই এবং শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে নির্যাতন করে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।" তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নববধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার এই অভিযোগের প্রেক্ষিতে, শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে সুনামগঞ্জ জেলা শহর থেকে নিহতের শ্বশুর আবদুল মান্নাফকে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি আবদুল মান্নাফকে তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন