ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
টাঙ্গুয়ার হাওড়ে চলন্ত হাউসবোটের ইঞ্জিনের ওপর পড়ে শিশু নিহত

টাঙ্গুয়ার হাওড়ে চলন্ত হাউসবোটের ইঞ্জিনের ওপর পড়ে শিশু নিহত

সারওয়ার জাহান, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে আনন্দভ্রমণ রূপ নিলো এক ভয়াবহ ট্র্যাজেডিতে। হাওড়ে ঘুরতে এসে পর্যটকবাহী একটি হাউসবোটের অরক্ষিত ও চলন্ত ইঞ্জিনের ওপর অসাবধানতাবশত পড়ে গিয়ে নিঝুম সরকার নামে ৮ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে।

শুক্রবার বেলা ৩টার দিকে টাঙ্গুয়ার হাওড়ের গভীর অংশ থেকে মা ও স্বজনদের সাথে ‘ভ্রমণশৈলী’ নামক একটি হাউসবোটে করে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নিঝুম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকার এবং নিপা রাণী তালুকদার দম্পতির সন্তান। তার পিতা স্বপন চন্দ্র সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একজন উপ-পরিদর্শক (এসআই) এবং বর্তমানে সিলেট আদালতে কর্মরত আছেন। শুক্রবার সন্ধ্যায় তাহিরপুর থানার এসআই পংকজ দাস এই দুঃখজনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পিতা এসআই স্বপন চন্দ্র সরকার জানান, শুক্রবার সকালে তাহিরপুর ঘাট থেকে তাঁর স্ত্রী নিপা রাণী তালুকদার ও কন্যা নিঝুমসহ পরিবারের ১০ জন সদস্য মিলে এক নিকটাত্মীয়ের মালিকানাধীন ‘ভ্রমণশৈলী’ হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওড়ে দিনব্যাপী আনন্দভ্রমণে যান। হাওড়ে ঘুরে বেড়ানো, গোসল এবং দুপুরের খাবার শেষ করে বিকেলে তারা মূল ভূখণ্ডের দিকে ফিরছিলেন।

বেলা আনুমানিক ৩টার দিকে বোটটি চলন্ত অবস্থায় থাকা অবস্থায় ছোট্ট নিঝুম অসাবধানতাবশত বোটের অভ্যন্তরীণ ইঞ্জিন কক্ষের কাছে পা ফসকে পড়ে যায়। সে সরাসরি ইঞ্জিন রুমের ভেতরে থাকা ভারী ও অনাবৃত চলন্ত ইঞ্জিনের ওপর ছিটকে পড়ে এবং গুরুতর জখম হয়। কোনো জরুরি চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়ার আগেই ইঞ্জিন রুমের ভেতরেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রয়োজনীয় সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার সন্ধ্যায় শিশুটির মরদেহ তার শোকার্ত পিতার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শেষকৃত্য ও সৎকারের জন্য পরিবারটি তাদের গ্রামের বাড়ি ধর্মপাশার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন