গণ-অভ্যুত্থান দিবসে গোপালগঞ্জে বিএনপির বর্ণাঢ্য আয়োজন
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) দুপুরে শহরের শিশু পার্ক চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। পরে শিশু পার্কের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পথ সুগম হয়েছে। তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সাবেক আহ্বায়ক সিকদার শহিদুল ইসলাম লেনিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে নেতাকর্মীরা গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

