ডার্ক মোড
Saturday, 11 July 2026
ePaper   
Logo
উন্নয়ন ও প্রকৃতি একসাথেই চলবে: পরিবেশ মন্ত্রী

উন্নয়ন ও প্রকৃতি একসাথেই চলবে: পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইনফ্রাস্ট্রাকচারাল ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করে একটি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। গত শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন এবং প্রকৃতিকে একসাথেই হাত ধরাধরি করে চলতে হবে, যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের কল্যাণ একই সূত্রে গাঁথা হয়।

ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিজয়ী পরিবেশকর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আব্দুল আউয়াল মিন্টু বলেন, প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প পছন্দ নয়, এটি আমাদের জাতীয় দায়িত্ব। আজকের পুরস্কারপ্রাপ্তরা প্রমাণ করেছেন যে, একজন ব্যক্তির নিষ্ঠা ও উদ্যোগ পরিবেশের দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে। প্রকৃতি রক্ষায় এই যৌথ সামাজিক আন্দোলনকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পরিবেশ মন্ত্রী আরও ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি’র দূরদর্শী নির্দেশনায় এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর মন্ত্রণালয় ইতিমধ্যে 'জাতীয় সবুজ মিশন' বা 'ন্যাশনাল গ্রিন মিশন' বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

চলতি বছর জীববৈচিত্র্য গবেষণায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামানকে (নিসর্গ পুরস্কার), টেকসই কৃষি অনুশীলনের জন্য 'প্রাণ বৈচিত্র্য খামার'কে (জীববৈচিত্র্য পুরস্কার) এবং তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণের জন্য মো. বাদশা মিয়াকে (বৃক্ষসখা সম্মাননা) দ্বিজেন শর্মা পরিবেশ পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরির জন্য উম্মে কুলসুম পপি (সবুজ সারথী সম্মাননা), প্রযুক্তিভিত্তিক উদ্ভিদ গণনার জন্য সুমাইয়া মরিয়ম (নবীন নিসর্গী সম্মাননা) এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. কাজী আহসান হাবিব (পরিবেশ কীর্তিমান সম্মাননা) এই পুরস্কারে ভূষিত হন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট পরিবেশবিদ, গবেষক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন