ডার্ক মোড
Saturday, 11 July 2026
ePaper   
Logo
বন্যা পরিস্থিতি: সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বন্যা পরিস্থিতি: সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট ব্যুরো

ভারতের মেঘালয় রাজ্যে গত কয়েকদিন ধরে টানা ও ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জের সীমান্ত নদীগুলোতে ভয়াবহ পাহাড়ি ঢল নেমে এসেছে। সুরমা, চেলা, খাসিয়ামারা, যাদুকাটা, চারাগাঁও ছড়া, কালাগাঁও ছড়া এবং বাগলী ছড়াসহ বিভিন্ন সীমান্ত নদী দিয়ে ধেয়ে আসা এই উজান থেকে আসা পানির তোড়ে জেলার বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এর ফলে সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কটি বর্তমানে বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। পানি বাড়ার কারণে তাহিরপুরের তিনটি প্রধান স্থল শুল্ক স্টেশন—বড়ছড়া, চারাগাঁও এবং বাগলীর সমস্ত ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই এলাকার অধিকাংশ কয়লা ও চুনপাথর ডিপো বর্তমানে জলমগ্ন হয়ে পড়ায় খনিজ সম্পদ পরিবহন এবং লোডিং-আনলোডিংয়ের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক গত শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা সদরের সাথে পাকা ও কাঁচা সড়ক পথ ডুবে যাওয়ায় চারপাশের সবকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও জানান, পানি ক্রমাগত বাড়তে থাকায় উপজেলার কয়েক লাখ বাসিন্দা পানিবন্দি ও অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এদিকে উত্তাল যাদুকাটা নদী থেকে জীবন ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় দিনমজুররা বালু উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হলেও, অন্য এক চিত্র দেখা গেছে সীমান্ত ছড়াগুলোতে। বড়ছড়া, বুড়ুঙ্গাছড়া, চারাগাঁও এবং কালাগাঁও সীমান্ত পাহাড়ি ছড়া দিয়ে ঢলের পানির সাথে ভেসে আসা কয়লা সংগ্রহ করতে গত কয়েকদিন ধরে শত শত মানুষ ব্যস্ত সময় পার করছেন।

অভিযোগ উঠেছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় কিছু চোরাচালান সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তারা ভেসে আসা কয়লা কুড়ানোর আড়ালে চারাগাঁও ও বড়ছড়া সেক্টরের বিভিন্ন বসতবাড়ি এবং বাণিজ্যিক ডিপোতে অবৈধভাবে ভারতীয় চোরাই কয়লা এনে মজুত করছে। চলমান এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন