Dark Mode
Thursday, 10 September 2026
ePaper   
Logo
বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক পদে রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসানের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক পদে রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসানের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন বিদায়ী মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত নথিতে স্বাক্ষরের মাধ্যমে পদভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

রিয়ার এডমিরাল মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালের ১ জানুয়ারি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ভারতের ওয়েলিংটনে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডস্থ ইউএস নেভাল ওয়ার কলেজের নেভাল কমান্ড কলেজ থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে এবং ভারতের তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) পিএইচডি গবেষণারত আছেন।

কোস্ট গার্ডের শীর্ষ পদে যোগদানের আগে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট (কমবান), নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (ন্যাটডক) প্রথম কমান্ড্যান্ট এবং কমোডোর নেভাল এভিয়েশন (কমন্যাভ) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সামরিক অভিযানে তিনি একটি করভেট, দুটি অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি), তিনটি ফাস্ট অ্যাটাক ক্রাফট (এফএসি), একটি মিসাইল বোট এবং ফ্লাইং উইংয়ের কমান্ডিং অফিসার হিসেবে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া নৌ সদর দপ্তরে তিনি পরিচালক (নৌ পরিকল্পনা), পরিচালক (নৌ এভিয়েশন) এবং নৌ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক (ডেপুটি ডিজি) হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কোত দিভোয়ারে (আইভরি কোস্ট) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউএনওসিআই) সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক সামরিক মহড়া ও প্রতিরক্ষা প্রদর্শনীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন।

নৌবাহিনী ও কোস্ট গার্ডে অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), বিশিষ্ট সেবা পদক (বিএসপি) এবং বাংলাদেশ কোস্ট গার্ড পদকে (বিসিজিএম) ভূষিত হয়েছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!