ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত: মাদক ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান
স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদকের বিস্তার, কিশোর অপরাধ, ফুটপাত দখল এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান পরিচালনার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে যৌথ প্রশাসনিক অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। জেলার মাদক ব্যবসা দূর করতে মাদক কারবারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়। এছাড়া চুরি, ছিনতাই, সংগঠিত অপরাধ ও গ্যাং কালচার রোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে যানবাহনগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও নিবন্ধনের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে পথচারীদের চলাচলের পথ সুগম করতে ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দোকান ও অবকাঠামো উচ্ছেদে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন কাজের পর্যালোচনা করে মন্থর গতিতে চলা প্রকল্পগুলো চিহ্নিত করে অবিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণে প্রতি মাসে নিয়মিত পর্যালোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ও ফেরদৌসী আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুর রাফিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

