Dark Mode
Thursday, 15 October 2026
ePaper   
Logo
বরিশাল বিভাগে ১,৭০৮ পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ১১,১৬২ আনসার-ভিডিপি সদস্য

বরিশাল বিভাগে ১,৭০৮ পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ১১,১৬২ আনসার-ভিডিপি সদস্য

মাসুদ রানা, বরিশাল ব্যুরো
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল বিভাগের ছয় জেলায় ১ হাজার ৭০৮টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ১১ হাজার ১৬২ জন সদস্য-সদস্যা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে আনসার ব্যাটালিয়নের আটটি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম।
 
বরিশাল বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৭০৮টি পূজামণ্ডপের মধ্যে ৪৫৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৭০৭টি গুরুত্বপূর্ণ এবং ৫৪৪টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পূজামণ্ডপের গুরুত্ব বিবেচনায় নিয়ে নিরাপত্তা দায়িত্বে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েন করা হবে।
 
পরিকল্পনা অনুযায়ী, অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন পিসি (প্লাটুন কমান্ডার), একজন এপিসি (সহকারী প্লাটুন কমান্ডার), চারজন পুরুষ আনসার ও দুজন মহিলা আনসার সদস্য থাকবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে একজন এপিসি, তিনজন পুরুষ আনসার ও দুজন মহিলা আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
 
পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আনসার ব্যাটালিয়নের আটটি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। এর মধ্যে বরিশাল জেলায় দুটি, বরিশাল মহানগরে একটি, পটুয়াখালীতে একটি, বরগুনায় একটি, পিরোজপুরে একটি, ঝালকাঠিতে একটি এবং ভোলায় একটি টিম দায়িত্ব পালন করবে।
 
প্রতিটি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিমে বিভিন্ন পদবির ছয়জন ব্যাটালিয়ন আনসার সদস্য থাকবেন। তারা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
 
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন, পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপির সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপভিত্তিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!