‘ক্যাশলেস বরিশাল’ গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে পূবালী ব্যাংকের উদ্যোগ
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও জনবান্ধব করতে বরিশালকে ‘ক্যাশলেস নগরী’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর (Bangla QR) সম্প্রসারণ কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের উদ্যোগে ‘বাংলা কিউআর-এর সম্প্রসারণ ও ক্যাশলেস বরিশাল’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ‘ক্যাশলেস বরিশাল’ বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও হেড অব ব্রাঞ্চ মো. ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।
এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর-এর ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় ও সর্বজনীন করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, পূবালী ব্যাংকের এ ধরনের সচেতনতামূলক ও সম্প্রসারণমূলক কার্যক্রম দেশের ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে আয়োজিত র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস ব্যাংকিংয়ের নানা দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেন।
পূবালী ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বরিশালে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও বিস্তৃত হবে এবং ‘ক্যাশলেস বরিশাল’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

