টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: নাফ নদী থেকে ১.৫ কোটি টাকার ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীর জালিয়ারপাড়া সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকাটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আশেপাশের নদী এলাকায় তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা একটি ভাসমান ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটি তল্লাশি করে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে অবৈধ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

