২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ: শেখ রবিউল আলম
ইউএসএ ব্যুরো
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় বিবৃতি প্রদানকালে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, 'সড়ক নিরাপত্তা সংক্রান্ত জাতিসংঘের দশকের কর্মপরিকল্পনা (২০২১–২০৩০)'-এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে বিভিন্ন আইনি, নীতিগত ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি উল্লেখ করেন যে, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করছে এবং জরুরি সেবা প্রদান কার্যক্রম নিশ্চিত করছে।
মন্ত্রী শেখ রবিউল আলম আরও ঘোষণা করেন যে, ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ এবং আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণে সরকার ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তকরণ, অনুমোদন এবং বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সড়ক নিরাপত্তাকে একটি জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী জোর দিয়ে বলেন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সকল অংশীদারের সম্মিলিত দায়িত্ববোধ অপরিহার্য।
জাতিসংঘের উক্ত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাব্বির হাসান খান।

