হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৭.৫ টন সিমেন্ট জব্দ: ৯ চোরাকারবারি আটক
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১৭ হাজার ৫০০ কেজি (১৭.৫ টন) সিমেন্ট ও একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ঘটনার সাথে জড়িত ৯ জন সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চরগাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি আভিযানিক দল।
অভিযানকালে একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ এবং বোটে থাকা ৯ চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, কার্গো বোট এবং আটককৃত ৯ আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

