মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের জন্য সরকারি ত্রাণ বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৫০টি পরিবারের জন্য চাল, কম্বল ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জরুরি সহায়তায় তেজগাঁও উন্নয়ন সার্কেলের অনুকূলে ১১ মেট্রিক টন চাল, ৭৫০টি কম্বল এবং ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল, ২টি কম্বল এবং নগদ ৪ হাজার ৩০০ টাকা করে বিতরণ করা হবে। এ ছাড়া সরকারিভাবে পরিবারপ্রতি আরও ৫ হাজার টাকা দেওয়াসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মো. রাসেল সাবরিন ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন।
এর আগে বুধবার সকাল নয়টার দিকে মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে বস্তির ৪৯টি বহুতল কাঁচা ও আধাপাকা বাড়ির আনুমানিক ১১৫টি ঘর পুড়ে যায় এবং প্রায় ৩৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় জেলা দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম মজুমদার এবং তেজগাও সার্কেল এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছে স্থানীয় বিএনপি।

