ডার্ক মোড
Thursday, 26 November 2026
ePaper   
Logo
আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন

আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলমান এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যাংকের সাথে প্রান্তিক সদস্যদের দূরত্ব কমিয়ে আনা, আমানত ও ঋণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, শেয়ার সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করা। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যই এই ব্যাংকের মূল চালিকাশক্তি এবং তাঁদের জীবনমান উন্নয়নে ব্যাংকটিকে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে।

ব্যাংকের ডিজিটাল রূপান্তরের চিত্র তুলে ধরে মহাপরিচালক জানান, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়নের কাজ ইতিমধ্যে ৬০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে। এই আধুনিকায়নের ফলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে সম্পূর্ণরূপে নিজস্ব ব্যাংকের মাধ্যমেই বেতন গ্রহণ এবং ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন।

প্রাতিষ্ঠানিক সুশাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের অনিয়ম দূর করতে মানবসম্পদ নীতিমালায় সংস্কার আনা হয়েছে, যাতে পদোন্নতি ও প্রণোদনা কেবল মেধা ও দক্ষতার ভিত্তিতেই প্রদান করা হয়। এছাড়া ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় সদস্যদের স্বাবলম্বী করে তুলতে ৮ শতাংশ সুদে ১ লাখ সদস্যকে উৎপাদনমুখী দলভিত্তিক ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে পাইলট প্রকল্পের মাধ্যমে ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ইআরপি (ERP) নিবন্ধনের মাধ্যমে সদস্যরা সমন্বিত আর্থিক ও কল্যাণমূলক সেবা পাচ্ছেন। এর ফলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, জাপানের মতো দেশে নিরাপদ অভিবাসন ঋণ, উচ্চশিক্ষা সহায়তা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’ সুবিধা উন্মুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সদস্যদের মাঝে শেয়ার সনদ, প্রশিক্ষণ সনদ এবং ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে বরগুনার বেতাগী সঞ্জীবন প্রকল্পের ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৪১ সদস্যের একটি দলকে ৮ লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভিডিপি সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে ৩ লাখ টাকার অভিবাসন ঋণ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন
আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন
আধুনিক ব্যাংকিংয়ের অঙ্গীকারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন