মেজর (অব.) এম এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী এবং দেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি মেজর (অব.) এম এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিবসটি উপলক্ষে বৃষ্টিস্নাত সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হন। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, মেজর (অব.) এম এ জলিলের ঘনিষ্ঠ সহচর ও কর্নেল (অব.) আবু তাহেরের সাথে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল আব্দুল মজিদ এবং যুব বাঙালি নেতা কামরুজ্জামান অপুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

