ডার্ক মোড
Sunday, 28 June 2026
ePaper   
Logo
লালমনিরহাটে আসামির দা-এর কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত, এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক

লালমনিরহাটে আসামির দা-এর কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত, এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক

মো. লবলু শেখ, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শুক্রবার রাতে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর দা-এর কোপে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরী এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন—হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক চুরি ও ফৌজদারি মামলায় গেন্দুকুরী গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে সম্প্রতি আদালত গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। শুক্রবার গভীর রাতে সে বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ তাঁর বাড়িতে অভিযান চালান।

এ সময় গ্রেপ্তার এড়াতে রাশেদুল হঠাৎ করে পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং একটি ধারালো দা দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁরা রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান এবং রাশেদুল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। হামলায় এসআই রুহুল আমিনের কবজি ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় এএসআই লতিফও আহত হন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত কর্মকর্তাদের উদ্ধার করেন এবং প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনারুল ইসলাম জানান, এসআই রুহুল আমিনের আঘাত ছিল অত্যন্ত গুরুতর। তাঁর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার গভীর রাতেই তাঁকে জরুরিভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শনিবার সকালে জরুরি অস্ত্রোপচারের জন্য তাঁকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিক (রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল/ডক্টরস ক্লিনিক)-এ ভর্তি করা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান হামলার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্ট তামিল করার মতো পেশাগত দায়িত্ব পালনকালে এই দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। তিনি আরও জানান, এসআই রুহুলের জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে এবং জেলা পুলিশ প্রশাসন দুই কর্মকর্তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী জানান, হামলাকারী অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন