নোয়াখালীতে খাসজমি বন্দোবস্তের দাবিতে ভূমিহীন সম্মেলন'২৬ অনুষ্ঠিত
মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে খাসজমি বন্দোবস্ত বাস্তবায়নসহ নানা দাবি নিয়ে বার্ষিক আঞ্চলিক ভূমিহীন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের কামাল বাজারে ‘নিজেরা করি’ এনজিওর উদ্যোগে আক্তার মিয়ার হাট ভূমিহীন অঞ্চল সমিতি এ সম্মেলনের আয়োজন করে।
সমিতির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিউর রহমান, বৃহত্তর চরক্লার্ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, নোয়াখালী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ‘নিজেরা করি’র কর্মসূচি সংগঠক মোশাররফ হোসেন, সুবর্ণচর উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ পলক, গ্রাম কমিটির সভাপতি মো. আলমগীর, ভূমিহীন নেত্রী কুলছুমা আক্তার, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন ও স্থানীয় মহিলা নেত্রী আকলিমা খাতুনসহ অন্যরা।
সম্মেলনে সহস্রাধিক ভূমিহীন পরিবারের সদস্য অংশ নেন। তাঁরা জানান, প্রায় ২৫-২৬ বছর ধরে ওই এলাকায় বসবাস করে নিজেদের উদ্যোগে বন-জঙ্গল পরিষ্কার করে জমি বসবাসের উপযোগী করলেও এখনো স্থায়ী মালিকানা পাননি। কিছু খাসজমি অনৈতিকভাবে বন্দোবস্ত নিয়ে একটি পক্ষ তাঁদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এ সময় প্রকৃত ভূমিহীন পরিবারের নামে দ্রুত খাসজমি বন্দোবস্তের দাবি জানান।
বক্তারা বলেন, ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের জমির অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি খাসজমি নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ভূমিহীন নারীদের সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ভূমিহীনদের জমি বন্দোবস্তের বিষয়ে কাজ করার চেষ্টা করছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
সম্মেলনে খাসজমি বন্দোবস্ত, বাল্যবিয়ে ও যৌতুক প্রথা বন্ধ এবং ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পরে সামাজিক অসংগতি তুলে ধরে ‘সমাজের হালচাল’ শিরোনামে একটি নাটক পরিবেশন করা হয় এবং আক্তার মিয়ার হাট ভূমিহীন অঞ্চল সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দেলোয়ার হোসেনকে সভাপতি, আবু জাফরকে সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

