লালবাগে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
স্টাফ রিপোর্টার
রাজধানীর লালবাগ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি আভিযানিক দল লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন আয়রন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে ২৪,০০০ কেজি (২৪ মেট্রিক টন) নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত পলিথিন বিনষ্টকরণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তবে লিখিত মুচলেকা নিয়ে ট্রাকটি এবং এর চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়।
পরিবেশ রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

